দলে ফিরলে এক ঘণ্টার মধ্যে পদত্যাগ, বিদ্রোহী নেতাদের এবার সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

কলকাতা, ১৮ জুলাই– ছাব্বিশের বিধানসভায় নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরেই একের পর এক বিধায়ক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বেরিয়ে আলাদা শিবির গঠন করেছেন। তারাই আসল তৃণমূল বলে দাবি করেছেন। আর লাগাতার আক্রমণ করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এতদিন চুপ থাকার পরে এবার শিবির বদলু বিধায়কদের উদ্দেশ্যে ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক। জানিয়ে দিলেন, যারা শিবির বদলু তারা যদি ফের ফিরে আসেন তাহলে এক ঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন।

            অভিষেকের কর্মপদ্ধতির ওপর দোষ চাপিয়েই একের পর এক নেতা এবং বিধায়ক কালীঘাট শিবির ছেড়েছেন। এমনকী তাদের অনেকে দাবি করেছেন, দলে প্রবীণ নেতাদের সম্মান করতেও জানেন না অভিষেক। ঋতব্রতর শিবিরে যোগ দেওয়া নেতাদের তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, ‘একটা কেন্দ্রীয় এজেন্সির সমন আসতেই যদি আপনি চলে যান, তাহলে এটা পরিষ্কার যে আপনি লড়াই করতে চান না। আপনি ভয় পান, আর ভয় পান বলেই মাথা নত করেন। ইডিতে আমাকেও ডেকেছে, আমি তো পালিয়ে যাইনি। আমাকে ১০ বার ডেকেছে, সিআইডি ডেকেছে, রাজ্য পুলিশ ডেকেছে। আমার বিরুদ্ধে ২০-৩০টা এফআইআর হয়ে গেছে, আমি নিজেও জানি না।’ এমনকী তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা পূর্ব পরিকল্পিত স্ক্রিপ্ট বলেও উড়িয়ে দিয়েছেন অভিষেক।

            তীব্র কটাক্ষ করে এই শিবির বদলুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যদি আপনি অভিষেক ব্যানার্জীকে চারটে গালি না দেন, তবে তো ইডি-সিবিআই বা ওদিকের পুলিশ আপনাকে ছাড়বে না! ওটা বললেই ওদিক থেকে বেঁচে থাকা যাবে, এটাই ডিল। যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তারা এখন ওদিকে বালিশ চাটার জন্য ছটফট করছে।’  দলের হারের কারণ হিসেবে তার দিকে যে আঙুল তোলা হচ্ছে তার জবাবে অভিষেক বলেন, ‘যদি দলের হারের দায়িত্ব অভিষেক ব্যানার্জীর হয়, তবে চব্বিশের লোকসভায় যে দল ২৯টা আসন জিতল, সেই জয়ের ক্রেডিটও তো অভিষেক ব্যানার্জীর। ডিসক্রেডিট আমার হলে, জেতার সময় ক্রেডিটও আমার।’ এরপরেই চ্যালেঞ্জের সুর শোনা গিয়েছে অভিষেকের গলায়। তিনি বলেন, ‘ভাই, ৬০ জন এমএলএ গেছে, কিছু মানুষ গেছে, ২০ জন এমপি গেছে। আপনারা এটাই বলছেন তো যে অভিষেক ব্যানার্জী ছেড়ে দিলে আপনারা সবাই চলে আসবেন? আমি মমতা ব্যানার্জীর সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা দলে ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে আমি নিজের ইস্তফা দিয়ে দেব। আপনারা ৩টের সময় আসুন, আমি ৪টের সময় পদ ছেড়ে দিচ্ছি। কেউ আসবে না, কারণ ওনাদের আসল উদ্দেশ্য বাঁচা, দল করা নয়।’

Sumit Chakraborty: