পাটের মণ্ডপে পরিবেশ রক্ষার বার্তা

সুভেন রাহা

বাংলার শারদোৎসবে ঐতিহ্য ও পরিবেশ সচেতনতার মেলবন্ধন ঘটিয়ে নজর কাড়তে প্রস্তুত বেহালার লুনা সেভেন স্টার ক্লাব। এবারের দুর্গাপুজোয় তাদের মূল ভাবনা পাটতন্তু। বীরেন রায় রোডের এই পুজোমণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে পাট ও পাটজাত সামগ্রী দিয়ে। বাংলার ঐতিহ্যবাহী পাটশিল্পের পুনরুজ্জীবন এবং পরিবেশবান্ধব জীবনযাপনের বার্তা তুলে ধরাই উদ্যোক্তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য।
মণ্ডপসজ্জার পাশাপাশি প্রতিমার সাজপোশাকেও রয়েছে পাটের অভিনব ব্যবহার। দেবী দুর্গার শাড়ি থেকে শুরু করে অন্যান্য দেবদেবীর পোশাক—সবেতেই পাটের ছোঁয়া। পরিচিত এই প্রাকৃতিক তন্তুকে শিল্পভাবনায় নতুনভাবে উপস্থাপন করে পাটের বহুমুখী ব্যবহারের দিকটিও তুলে ধরতে চেয়েছেন পুজো উদ্যোক্তারা।
বাংলার অর্থনীতি ও সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে পাটশিল্প। তবে আধুনিক সময়ে পরিবেশবান্ধব উপকরণের ব্যবহার নিয়ে নতুন করে আগ্রহ বাড়ছে। সেই প্রেক্ষিতে লুনা ৭ স্টার ক্লাবের এই ভাবনা বিশেষ তাৎপর্যপূর্ণ। পুজোর আবহে পাটের মতো প্রাকৃতিক উপকরণের ব্যবহার যেমন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানায়, তেমনই পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দেয়। উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ দর্শনার্থীদের কাছে কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার।

Sumit Chakraborty: