দ্বিতীয় দফার আগে ভোটার তালিকায় যুক্ত হল আরও ১৪৬৮ জনের নাম

কলকাতা, ২৮ এপ্রিল – শীর্ষ আদালতের নির্দেশ মেনে এবার দ্বিতীয় দফার ভোটের আগে ফের অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নতুন এই তালিকায় ১৪৬৮ জনের নাম যুক্ত হয়েছে, বাদ পড়েছে ৬ জনের নাম। প্রথম দফার আগে ট্রাইব্যুনালের প্রকাশ করা তালিকায় নাম যোগ হয়েছিল ১৩৯ জনের।

            মঙ্গলবার যে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কলকাতা দক্ষিণে ৬৭৭ জনের নাম জুড়েছে। কলকাতা উত্তরে জুড়েছে ৫৯৬ জনের নাম। হাওড়ায় জুড়েছে ৭৭ জনের নাম। পাশাপাশি নদিয়ায় ৩৯ জন, উত্তর ২৪ পরগনায় ৩৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩০ জন, পূর্ব বর্ধমানে আট জন এবং হুগলিতে সাত জনের নাম যুক্ত হয়েছে ভোটার তালিকায়। বুধবার দ্বিতীয় দফায় সাত জেলার ১৪২ টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট নির্বিঘ্নেই হয়েছে। এবার দ্বিতীয় দফার ভোটও শান্তিপূর্ণ করা কমিশনের কাছে চ্যালেঞ্জ।

            এবার নতুন এই তালিকায় যাদের নাম যুক্ত হল তারা ভোট দিতে পারবেন।  নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনের জন্য ভোটার তালিকা আগেই ‘ফ্রিজ়’ হয়ে গিয়েছিল। তবে সুপ্রিম কোর্টে নির্দেশ ছিল, ভোটের দু’দিন আগেও ট্রাইবুনাল যে সমস্ত নামের নিষ্পত্তি করবে এবং যাঁদের ভোটার হিসাবে ছাড়পত্র দেবে, তারা ভোট দিতে পারবেন। শীর্ষ আদালতের সেই নির্দেশ মোতাবেক এ বার পদক্ষেপ করল কমিশন। জানা যাচ্ছে, সোমবার পর্যন্ত যে আবেদনগুলির নিষ্পত্তি হয়েছে ট্রাইবুনালে, তার ভিত্তিতে এই অতিরিক্ত তালিকা তৈরি করা হয়েছে।

            পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর বিবেচনাধীন তালিকায় ছিল ৬০ লক্ষাধিক নাম। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা সেই বিবেচনাধীন তালিকার নামগুলির নিষ্পত্তি করেন। তাতেও অনেক ভোটার ‘অযোগ্য’ হিসাবে বিবেচিত হয়েছিলেন। এই বাদ যাওয়া ভোটাররা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন বলে জানিয়েছিল শীর্ষ আদালত।  

Sumit Chakraborty: