অনলাইন প্রতিনিধি :- পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রাত থেকে শহরের ফুটপাত দখল করে রাখা ব্যাবসায়ীদের উচ্ছেদ করল আগরতলা পুরনিগম।
মঙ্গলবার রাতে উচ্ছেদ অভিযান চালানো হয় আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে। পরবর্তীতে বুধবার সকাল থেকে ধারাবাহিক ভাবে রাজধানীর অন্যান্য বানিজ্যিক প্রতিষ্ঠান শকুন্তলা রোড, সিটি সেন্টার এবং রবীন্দ্রভবন প্রাঙ্গণের উল্টোদিকে যেসব ব্যাবসায়ী অবৈধ ভাবে ব্যাবসা চালাচ্ছিলেন দীর্ঘদিন ধরে, সেখানে উচ্ছেদ অভিযান চালায় পুরনিগম। ফুটপাত দখল করে ব্যাবসা চালানোর ফলে, কার্যত নাজেহাল হয়ে উঠেছিল জনসাধারণের জীবনযাপন। শহরের অন্যতম ব্যাস্ততম এলাকা এই হরিগঙ্গা বসাক রোড। দিন থেকে রাত ফুটপাত দখল করে ব্যাবসা করার ফলে রাস্তাঘাটে যানজট সমস্যা যেমন মাথাচাড়া দিয়ে উঠত তেমনি, পায়ে হেঁটে রাস্তা পারাপারেও জনসাধারণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। অভিযানের মাধ্যমে শহরের বেআইনিভাবে দখলকৃত জায়গা পরিষ্কার করা হয়। নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। এ বিষয়ে মেয়র জানান, আগরতলা শহরকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে এই ধরনের পদক্ষেপ আরও নেওয়া হবে। শহরের অলি গলি যেখানেই অবৈধ ব্যাবসা চালানো হবে সেখানেই উচ্ছেদ অভিযান চালাবে পুরনিগম।
এই অবৈধ ব্যবসা ও ফুটপাত দখলের কারণে যানজট এবং জনদুর্ভোগের একাধিক অভিযোগ ছিল উনার কাছে। সেই কারণেই এই উচ্ছেদ অভিযান। তিনি জানালেন, শহরে ফুটপাত দখল করে অবৈধ ব্যাবসা করার ফলে ট্রাফিক জ্যাম সৃষ্টি হতো। এসব বিষয়ে ধারাবাহিক অভিযান চালানো হবে। তবে এই অভিযানে শহরের বহু ক্ষুদ্র ব্যবসায়ী চরম সমস্যার মুখে পড়েছেন। অনেকেই পরিবার নিয়ে রাস্তায় বসে ব্যবসা করতেন। উচ্ছেদের ফলে তারা এখন বেকায়দায় পড়েছেন। অভিযানের সময় একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে দেখা গেছে কান্নায় ভেঙে পড়তে।