শরিক বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে বিজেপির মিছিল

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারী: বিজেপি ও তিপ্রা মথার রাজনৈতিক টানাপোড়েন ক্রমশ প্রকাশ্যে আসছে। রবিবার বিকেলে চাকমাঘাট এলাকায় বিজেপির কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ঘিরে দ্বন্দ্ব তীব্র রূপ নেয়। বিজেপি সূত্রে জানা যায়, মণ্ডল কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমা করে তুই মধু বাজারে গিয়ে শেষ হয়। তুই মধু বাজারে বিক্ষোভকারীরা তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মার কুশপুতুল দাহ করে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, রামচন্দ্রঘাট বিধানসভা এলাকার বাইজালবাড়িতে বিজেপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে এবং দলীয় নেতৃত্ব তথা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এবং প্রসেনজিৎ দেববর্মা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। এরই প্রেক্ষিতে এদিনের এই প্রতিবাদ মিছিল থেকে বিধায়ক রঞ্জিত দেববর্মাকে গ্রেপ্তারের দাবি তোলা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা, মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ একাধিক স্থানীয় নেতা-কর্মী। বিদ্যুৎ দেববর্মা বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব কর্মসূচি পালনের অধিকার রয়েছে। সেখানে জোটসঙ্গী দলের পক্ষ থেকে বাধা সৃষ্টি করা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।

এই ঘটনাকে কেন্দ্র করে চাকমাঘাট ও পার্শ্ববর্তী এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাগুলিকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোট রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Dainik Digital: