লড়ে হার শ্রীলঙ্কার বিদায় পাকিস্তান, সেমিতে নিউজিল্যান্ড

পাকিস্তান: ২১২/৮ (২০ ওভার)
শ্রীলঙ্কা: ২০৭/৬ (২০ ওভার)

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী: শ্রীলঙ্কাকে ৫ রানে হারিয়ে সুপার এইটের শেষ ম্যাচে পাকিস্তান জয় পেলো বটে, কিন্তু নেট রানের ক্যালকুলেশনে সালমান আলি আঘাদের বাড়ি ফেরার রাস্তা দেখিয়ে সেমিফাইনালের টিকিট কেটে নেয় মিচেল স্যান্টনারের নিউজিল্যান্ড। এদিন সুপার এইটের লড়াইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু ম্যাচ জিতলেই চলত না, জয়ের ব্যবধান ৬৫ রানের হওয়া ছিল জরুরি। অর্থাৎ নিজেদের ২১২ রানের সামনে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের মধ্যে আটকে দিতে হতো। সেই জায়গায় শ্রীলঙ্কা পবন রত্নায়কের ৩৭ বলে ৫৮ (৪X৪, ৩X৬) ও অধিনায়ক দাশুন সনাকার ৩১ বলে অপরাজিত ৭৬ রানের সুবাদে ২০৭/৬-এ লড়াই থামায়। খালি হাতে সুপার এইটের লড়াই শেষ করে শ্রীলঙ্কা। অন্যদিকে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফেরে পাকিস্তান। বিফলেই গেল সাহিবজাদা ফারহানের শতরান। এর আগে শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন সনাকা টসে জিতে পাকিস্তানকে প্রথম ব্যাটিং করার আহ্বান জানান। সাহিবজাদা ফারহান ও ফখর জামান জুটি মারমুখী মেজাজেই শুরু করেন। এই জুটির ব্যাটিং-বিক্রমের সামনে শ্রীলঙ্কার বোলারদের দিশেহারা অবস্থা প্রায়। ফারহান ৩৪ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন। ফারহান ও জামান জুটির দাপুটে ব্যাটিংয়ে এক সময় স্কোরবোর্ডে ১৫০ রান উঠে যায়। ফখর জামান মাত্র ৪২ বলে ব্যক্তিগত ৮৪ রানে যখন দুষ্যন্ত চামিরার বলে আউট হয়ে ফেরেন, দলীয় স্কোর তখন ১৭৬/১ (১৫.৫ ওভার)। ফখর তার ৮৪ রানের মারকাটারি ইনিংসটি ৯টি চার ও ২টি ছয়ে সাজান। এদিকে ফখর আউট হতেই যেন হঠাৎই ছন্দপতন হয় পাকিস্তানের ইনিংসে। স্কোরবোর্ডে তিন রান যোগ হতেই খাজা নোয়াজ ২, সাদাব খান ৭, মহম্মদ নোয়াজ ০, অধিনায়ক সালমান আলি আঘা ০, শাহীন আফ্রিদি ৪ রানে প্যাভিলিয়নে ফেরত আসেন। ১৭৬/১ থেকে স্কোর হয়ে যায় ২০৭/৭। এদিকে দলীয় উইকেটের পতনের মধ্যেই সাহিবজাদা ফারহান ৫৮ বলে শতরান করে নেন। দিলসান মাদুসনাকার বলে আউট হয়ে ফেরেন। তার শতরানের ইনিংসটি ৯টি চার ও ৫টি ছয়ে সাজানো ছিল। শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস ২১২/৮ রানে থামে। শেষ ৪ ওভার ১ বলে পাকিস্তান মাত্র ৩৬ রান তোলে। উইকেট হারায় ৭টি। শ্রীলঙ্কার পক্ষে দাশুন মাদুসনাকা ৩৩/৩, দাশুন সনাকা ৪২/২ সেরা বোলার।

Dainik Digital: