দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক,২০ফেব্রুয়ারী:-ককবরক ভাষাকে রোমান হরফে স্বীকৃতির দাবিকে শুক্রবার একপ্রকার নস্যাৎ করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে এসে তিনি এদিন রাজভাষা সম্মেলনের ফাঁকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে কেন্দ্র কোনো অবস্থাতেই বিদেশি লিপি ব্যবহারের পথে হাঁটবে না।
গত ক'দিন ধরেই রাজ্যে জনজাতি অংশের জনগণ এই ইস্যুকে সামনে রেখে রাজ্য সরকারের উপর একপ্রকার চাপ সৃষ্টি করে আসছিলো। শাহ'র বক্তব্যের পর কার্যত এই বিতর্কেরই অবসান হলো বলা চলে।রাজভাষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশি লিপিকে নিজের পরিচয় হিসেবে কেনইবা খুঁজে দেখা হবে? এক্ষেত্রে নিজের অস্তিত্ব কিংবা পরিচিতি দুটোকেই আরও বেশি করে শক্তিশালী করতে হলে দেশীয় লিপিকেই ব্যবহার করতে হবে। কার্যত রাজ্যে জনজাতিদের রোমান হরফে ককবরক ভাষাকে স্বীকৃতির যে দাবি উঠে আসে তাকে তিনি এদিন বিদেশি বলেই তকমা জুড়ে দিলেন। বললেন, ২০১৪ সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি যখন দায়িত্ব নেন তখন গোটা উত্তর পূর্বাঞ্চলে সব দিক থেকেই অগ্রগতি এসেছে। তিনি এদিন সব মিলিয়ে মোট ২১টি শান্তি সমঝোতার কথাও উল্লেখ করেন। আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলই ভারতের সংস্কৃতির মূল ধারক এবং বাহক। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন আরও বলেন, ভাষা এবং লিপি বিবাদের বিষয় নয়। বরং এটি দেশের ভাবাবেগেরই অংশ। উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের মতো এদিন এ রাজ্যকেও দেশীয় লিপি গ্রহণের পরামর্শ দেন তিনি। তার কথায়, স্থানীয় ভাষাকে আমরা পেছনে ফেলতে চাইছি না বরং সর্বাধিক প্রাধান্য দিচ্ছি মাতৃভাষাকেই। এই ভাষাতেই আপনি আপনার ছেলেমেয়েদের বড় হতে দিন। পারিবারিক ক্ষেত্রেও মাতৃভাষাকেই প্রাধান্য দিন। তবে কেন্দ্রের মূল সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে এক কথায় তিনি স্থানীয় ভাষা এবং হিন্দি ভাষার সংমিশ্রণেই যে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব তাও স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন।