রাজ্যে নিয়োগ প্রক্রিয়ায় স্পষ্টতা নেই: কংগ্রেস

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী: ‘বিকশিত ত্রিপুরা’ স্লোগানকে চ্যালেঞ্জ জানিয়ে প্রদেশ কংগ্রেস রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে। ধর্মনগরের লালছড়া কলোনিতে ছেলেকে বিক্রি করে আত্মহত্যা করা দারিদ্র্য পীড়িত যুবক রবীন্দ্র দাসের ঘটনাকে সরকারের ব্যর্থতার ‘নগ্ন চিত্র’ বলে অভিহিত করা হয়েছে। প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী শনিবার এক বিবৃতিতে বলেন, রাজ্য হাইকোর্টের ২০০১ ও ২০০৭-এর স্থায়ী বেতন নির্দেশনা বাতিলের রায় বাস্তবায়ন না করে সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে। এতে শিক্ষক-কর্মচারী ও যুবকর্মপ্রার্থী বঞ্চিত হচ্ছে। যার প্রেক্ষিতে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে। ঊনকোটি ও ধলাই জেলায় অবসরপ্রাপ্তদের উচ্চপদে নিয়োগের বিজ্ঞাপন মেধাবিদের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে বলেও সমালোচনা করেছেন তিনি। রাজ্যে ৪৪৫ শূন্যপদ পূরণের ঘোষণা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া ছয় বছর লাগে এবং ফলাফল বিলম্বিত হয়। স্থায়ী বেতন না আউটসোর্সিং- এ নিয়েও স্পষ্টতা নেই। এগুলোকে ‘আই-ওয়াশ’ প্রক্রিয়া বলে নিন্দা করে সরকারের স্পষ্টীকরণ দাবি করা হয়েছে। সাংবাদিকদের উপর হামলা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। খুমুলুঙের আশিস দেববর্মা ও সোনামুড়ার নারায়ণ বৈদ্যকে আক্রান্ত করার ঘটনার কথা উল্লেখ করে শাসকদলের অভ্যন্তরীণ কলহ চরমে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন চক্রবর্তী। পুলিশকে দলীয় প্রভাব থেকে মুক্ত করে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। কংগ্রেস অবিলম্বে কর্মসংস্থান, দারিদ্র্য নিরসন ও সুশাসনের বাস্তব পদক্ষেপের দাবি করেছে।

Dainik Digital: