ভুল হলে রেয়াত নয়, বঙ্গে হুঙ্কার জ্ঞানেশ কুমারের

কলকাতা অফিস, অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী: বাংলার প্রশাসনিক স্তরে ভার্চুয়াল বৈঠকে এবার কড়া বার্তা দিলো জাতীয় নির্বাচন কমিশন। আগামী মাসের গোড়াতেই বাংলায় আসতে পারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এর আগে এদিন জেলাশাসক, মুখ্য নির্বাচনি আধিকারিক, বিশেষ পর্যবেক্ষক ও রোল পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে একাধিক নির্দেশ জারি করা হয়। সেই বৈঠকের মূল পয়েন্টগুলিই পরে চিঠি আকারে জানানো হয়েছে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে সংবাদপত্রের কাটিং, ফাঁকা পৃষ্ঠা বা অপাঠ্য ছবির মতো নথি আপলোড হওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তা সব ডিএম ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের দেখানো হয়েছে। প্রশ্ন উঠেছে- এই নথি কারা আপলোড করলো, কীভাবে তা যাচাই হল এবং কেনইবা তা গ্রহণ করা হল? আগামী পাঁচ বছর এসআইআরের নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তালিকায় কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া যায়, তাই এই নির্দেশ বলে খবর কমিশন সূত্রে। ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করলে জেলাশাসক বা পদস্থ আধিকারিকদের কোনোভাবে রেয়াত করা হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে।

এরপরেই কমিশনকে পাল্টা আক্রমণে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল। তাদের কটাক্ষ, জমিদারি শাসন চালাচ্ছে কমিশন। যে আধিকারিকরা এত কম সময়ে এসআইআরের কাজে সাহায্য করছেন, তাদের হুমকি দিচ্ছেন জ্ঞানেশ কুমার। কমিশন সূত্রের খবর, শুক্রবার জেলাশাসকের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জেলাশাসক, ইআরও, এইআরওদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা মনে রাখবেন এসআইআর প্রক্রিয়ায় যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা কমিশনের তথ্য ভাণ্ডারে সংরক্ষিত থাকবে। এক বছর, দুবছর নয়, এগুলি কমিশনের ভাণ্ডারে বহু বছর সংরক্ষিত থাকবে। আগামীদিনে যদি কোনো ভোটার তালিকায় বিদেশি ধরা পড়ে তাহলে সেই অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

Dainik Digital: