ভাষা গোষ্ঠীর সম্মেলন, ২০শে রাজ্য সফরে আসছেন অমিত শাহ

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী: আগামী ২০ ফেব্রুয়ারী রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার ত্রিপুরা সফরকে কেন্দ্র করে গত ক’দিন ধরেই রাজ্য প্রশাসনে ব্যাপক দৌড়ঝাঁপ চলছে। এখনও পর্যন্ত যতটুকু জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরকারী অনুষ্ঠানে যোগ দিতেই আগরতলা আসছেন। এ দিন রাজধানীর হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে আয়োজিত দেশের বিভিন্ন ভাষা গোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখবেন। জানা গেছে, সারা দেশ থেকে বিভিন্ন ভাষা গোষ্ঠীর প্রায় ১৫০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশ নেবেন। ভারত সরকারের সরাকারী ভাষা বিভাগ (Department of Official Languasge) এর উদ্যোগে এই আসছেন অমিত শাহ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এটি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ স্বাধীন বিভাগ। জানা গেছে, এই সম্মেলনকে কেন্দ্র করে আগের দিনই (১৯ ফেব্রুয়ারী) রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। এ দিন তিনি সোনারতরী রাজ্য অতিথিশালায় দুপুর সারে বারোটায় সাংবাদিক সম্মেলনে করবেন। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০ ফেব্রুয়ারী অন্য কোনও কর্মসূচিতে অংশ নেবেন কিনা, এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি এ দিন সরকারী অনুষ্ঠান শেষে দলের রাজ্য নেতাদের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করতে পারেন। বৈঠক করতে পারেন শরিক দল তিপ্রা মথা এবং আইপিএফটি’র সাথেও। শুধু তাই নয়, আসন্ন এডিসি নির্বাচন নিয়ে দলের কৌশল কী হবে? শরিক দলের সাথে এডিসি নির্বাচনে জোট হবে কিনা? নাকি দল একাই লড়াই করবে? ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়েও আলোকপাত করতে পারেন।

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরকে কেন্দ্র করে আজ পশ্চিম জেলাশাসক একটি পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে পশ্চিম জেলার পুলিশ সুপার, এসপি ট্রাফিক, চার থানার ওসি, এসডিপি, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাররা সহ অন্যান্য লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কয়েকটি কলেজের প্রতিনিধিরাও এই বৈঠক উপস্থিত ছিলেন। বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়েছেন রাজ্য সরকারের সচিব কিরণ গিত্যে। এ দিন বৈঠকে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে নিরাপত্তা ও শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমন ঘিরে রাজ্য বিজেপির অন্দরেও জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

Dainik Digital: