দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী: হিন্দুরা ঐক্যবদ্ধ হোক। ডাক দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবত। লখনৌয়ের অনুষ্ঠানে তার ঘোষণা ভারত সনাতন ধর্মের ভরকেন্দ্র। তবে সংঘের অন্য শাখাগুলি যেমন যখন তখন ‘হিন্দু খতরে মে হ্যায়’ ঘোষণা করে উচ্চগ্রামে হিন্দুত্ব রাজনীতির জয়গান গেয়ে চলে, সেই পথের বিপরীত মতই প্রকাশ করলেন সরসংঘচালক। কারণ মোহন ভাগবত স্পষ্ট ভাষায় বলেছেন, হিন্দুদের কোনও বিপদ নেই। অর্থাৎ তিনি বলতে চাইলেন, হিন্দু খতরে মে হ্যায়, এটা সঠিক নয়। তিনি বলেছেন, কেউই বিপজ্জনক নয় হিন্দুদের কাছে। তবুও যে দেশ সনাতন ধর্মের প্রাণকেন্দ্র, সেই দেশের হিন্দুরা একজোট হয়ে থাকবে এবং পরস্পরের মধ্যে ঐক্যের এক সৌহার্দ্য বন্ধনে আবদ্ধ হবে এটাই প্রত্যাশিত ও স্বাভাবিক। একইসঙ্গে মোহন ভাগবত আহ্বান করেছেন সব হিন্দুর কাছে যাতে তারা তিন সন্তান নীতিকে গ্রহণ করে। বিজেপির একাধিক এমপি যেখানে বিগত বছরগুলিতে একাধিকবার সংসদের প্রাইভেট মেম্বারস বিল হিসেবে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল এনেছেন এবং বিজেপি এমপি ও দলের একাংশের পক্ষ থেকে বারংবার এই দাবিও উঠে যে, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন হওয়া দরকার, সেখানে সম্পূর্ণ বিপরীত মত পোষণ করে উল্টে বেশি বেশি সন্তানের পক্ষে সওয়াল করলেন মোহন ভাগবত। কারণ হিসেবে তিনি বলেছেন, ভারতের জনসংখ্যার বৃদ্ধিহার কমে যাচ্ছে অত্যন্ত উদ্বেগজনকভাবে। এভাবে ভবিষ্যতে ভারতও জনসংখ্যা হ্রাসের সংকটে পড়বে। যেভাবে চলছে এভাবেই যদি নতুন প্রজন্মের মধ্যে বিবাহে অনাগ্রহ, সন্তান জন্ম দেওয়া ও প্রতিপালনে কোনও আকর্ষণ না থাকার প্রবণতা দেখা যাচ্ছে, সেটি উদ্বেগজনক এক বার্তা। তাই মোহন ভাগবত বলেছেন, হিন্দুদের নতুন প্রজন্ম ও নব দম্পতিদের কাছে আমাদের বেশি বেশি করে এই বার্তা দিতে হবে যাতে তারা তিন সন্তান নীতি গ্রহণ করে। প্রসঙ্গত চিনে বহু বছর ধরে এক সন্তান নীতি পালিত হওয়ার পর চিনে এখন বেশ কিছু বছর ধরে চলছে জনসংখ্যা হ্রাসের পালা। লক্ষ লক্ষ করে জনসংখ্যা কমে যাচ্ছে প্রতি বছর। চিন, জাপান সহ এশিয়া ও পশ্চিমি দেশগুলিতে। পশ্চিমের বহু দেশে এমন শহরও রয়েছে যেগুলি কার্যত প্রাণহানি। সম্পূর্ণ জনশূন্য হয়ে যাচ্ছে। কারণ সন্তানেরা বাইরে থাকে। বৃদ্ধ বৃদ্ধাদের মৃত্যু হওয়ার পর আর কোনও নতুন প্রজন্ম সেইসব জনপদে থাকতে আসছে না। ভারতের জনসংখ্যা প্রবণতা থেকে মনে করা হচ্ছে ২০৬০ সাল থেকে ভারতের জনসংখ্যা কমতে থাকবে। ২১২১ সালে ভারতের জনসংখ্যা ১১০ কোটি হতে পারে এরকমও মনে করা হয়েছে। মোহন ভাগবত সেই কারণেই বলছেন, এখনই সতর্ক হতে। তাই হিন্দুদের প্রতি তার আহ্বান জনসংখ্যা বৃদ্ধি করুক তারা।