দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ৯ মার্চঃ পশ্চিমবঙ্গের দক্ষিণ বর্ধমানে পরিবর্তন যাত্রা উপলক্ষে সোমবার আয়োজিত এক জনসভায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বললেন, জনগণকে এই তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে। কারণ গত ১৫ বছর ধরে পশ্চিমবাংলায় সন্ত্রাস চলছে এবং গণতন্ত্র ও শান্তি পুনরুদ্ধার করতে ভারতীয় জনতা পার্টির সরকারই গঠন করতে হবে এখানে।
বর্ধমানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বর্ধমান শুধু ধান আর আলুর জন্য বিখ্যাত নয়, এই মাটি জন্ম দিয়েছে ভারতবর্ষের শ্রেষ্ঠ সন্তানদের। এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি বিপ্লবী রাসবিহারী বসু। তিনি আজাদ হিন্দ ফৌজের রূপকার ছিলেন এবং বিদেশের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। কিন্তু আজ শাসকের অবহেলায় এই সোনার বর্ধমান ধুঁকছে। আর এরজন্যই আজকের এই পরিবর্তন যাত্রা। সব জায়গাতেই এই কার্যক্রম শুরু হয়েছে বলেও তিনি জানান।
মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এদিন বলেন, আমি মা ত্রিপুরাসুন্দরীর পুণ্যভূমি থেকে শুধু আপনাদের জন্য এসেছি। কারণ আমরা একই পরিবারের লোক। ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবার। কাজেই পরিবারে যখন কোনও সমস্যা হয়, তখন পরিবারের কাউকে না কাউকে আসতে হয়। আর সেই পরিবারের হয়ে ত্রিপুরা থেকে আমি এখানে এসেছি।
এখানকার বর্তমান সরকার সন্ত্রাসের সরকার। গত ১৫ বছর ধরে দুঃশাসন ও কুশাসন কায়েম করে রেখেছে তারা। শুধু নেতারা নয়, ঘরে ঘরে পৌঁছে জনগণকে বলতে হবে কে দেশের জন্য কাজ করছে এবং কে জনগণের জন্য চিন্তা করছে। পশ্চিমবঙ্গে সংস্কৃতি ও গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে বলেও এদিন মন্তব্য করেন তিনি।