দুই মাস বন্ধ বাংলাদেশ ভিসা শীঘ্রই চালুর আশা

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী: প্রায় দুই মাস ধরে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের ভিসা বিভাগে কার্যক্রম বন্ধ থাকায় অনিশ্চয়তায় রয়েছেন রাজ্যের হাজারো মানুষ। তবে বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠা এবং সামগ্রিক পরিস্থিতির উন্নতির ইঙ্গিত মিলতেই ভিসা পরিষেবা শীঘ্রই পুনরায় চালু হতে পারে বলে আশা জাগছে এপাড়ে।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে আগরতলায় সহকারী হাইকমিশন অফিসের সামনে ২২ ডিসেম্বর স্থানীয় বুদ্ধিজীবীরা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ওই ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে মিশন কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রদান কার্যক্রম স্থগিত রাখে। এরপর থেকেই প্রতিদিনই অফিসের সামনে ভিসা প্রার্থীদের ভিড় দেখা যাচ্ছে।

জানা গেছে, ২২ ডিসেম্বর পর্যন্ত যারা আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট জমা দিয়েছিলেন সেগুলি এখনও মিশন অফিসেই সংরক্ষিত রয়েছে। বহু আবেদনকারী পাসপোর্ট ফেরত নিতে গেলেও কর্তৃপক্ষ তাদের আশ্বস্ত করে জানিয়েছে পাসপোর্ট সংগ্রহ করার প্রয়োজন নেই। ভিসা পরিষেবা পুনরায় শুরু হলে জমা দেওয়া পাসপোর্টেই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। রাজ্যের বহু মানুষের আত্মীয়স্বজন বাংলাদেশের বিভিন্ন জেলায় বসবাস করেন। দীর্ঘদিন ধরে ভ্রমণ, ব্যবসা এবং আত্মীয়তার টানে নিয়মিত সীমান্ত পারাপার চলত। ভিসা পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সেই যাতায়াত প্রায় পুরোপুরি থমকে গেছে। ফলে অনেকে জরুরি প্রয়োজনে ওপারে যেতে না পেরে ভোগান্তিতে পড়েছেন। এদিকে, প্রতিদিনই বহু মানুষ সহকারী হাই কমিশন অফিসে এসে খোঁজ নিচ্ছেন কবে থেকে আবার ভিসা দেওয়া শুরু হবে। অনেকের মুখে একই প্রত্যাশা দুই দেশের মানুষের মধ্যে স্বাভাবিক যোগাযোগ দ্রুত ফিরুক। বন্ধ হোক উত্তেজনা ও রেষারেষি। সীমান্তের এপারের মানুষের আশা, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে অচিরেই ভিসা কার্যক্রম পুনরায় চালু হয়ে আগের মতোই চলাচল সহজ হবে।

Dainik Digital: