দল বনাম ব্যক্তিস্বর!!

ভারতের রাজনীতিতে একটি বহুল প্রচলিত সত্য-“নেতার আগে দল”। এই নীতিই দীর্ঘদিন ধরে দলতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে এসেছে। দলীয় শৃঙ্খলা, আদর্শ এবং কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলা-এই তিন স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে অধিকাংশ রাজনৈতিক সংগঠন। কিন্তু প্রশ্ন উঠছে, এই কাঠামোর মধ্যে ব্যক্তির স্বাধীন মত প্রকাশের জায়গা কতটা? আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডাকে রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া এবং কার্যত তাঁর কণ্ঠস্বর সীমিত করার চেষ্টা সেই প্রশ্নটিকেই নতুন করে সামনে এনে দিয়েছে।

রাজনীতিতে মতপার্থক্য নতুন কিছু নয়। বরং গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্যই হল ভিন্নমত। কিন্তু ভারতের দলীয় রাজনীতিতে এই ভিন্নমতকে কতটা জায়গা দেওয়া হয়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। অধিকাংশ দলেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেন্দ্রীভূত থাকে শীর্ষ নেতৃত্বের হাতে। ফলে দলীয় লাইনের বাইরে কথা বলা মানেই প্রায়শই শৃঙ্খলাভঙ্গ হিসেবে চিহ্নিত হয়। এই প্রেক্ষাপটে রাঘব চাড্ডার অবস্থান একটি ব্যতিক্রমী উদাহরণ-তিনি প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষের পক্ষে কথা বলা কি অপরাধ?

চাড্ডার বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সংসদে তিনি যেসব ইস্যু তুলেছেন-বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি, টেলিকম সংস্থার অতিরিক্ত চার্জ, খাদ্যের গুণগত মান, মহিলাদের নিরাপত্তা-এসব সরাসরি নাগরিক জীবনের সঙ্গে যুক্ত। অর্থাৎ তার রাজনীতি কেবল সরকারবিরোধী বা ক্ষমতাকেন্দ্রিক নয়, বরং জনজীবনের বাস্তব সমস্যার উপর ভিত্তি করে। কিন্তু এখানেই আপত্তি দলের। তাদের অভিযোগ, চাড্ডা সরকারকে সরাসরি আক্রমণ করছেন না, ফলে বিরোধী রাজনীতির মূল ধারার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করছেন না।

এই দ্বন্দ্ব আসলে আরও গভীর একটি প্রশ্নের দিকে ইঙ্গিত করে-একজন সাংসদের প্রথম দায়বদ্ধতা কার প্রতি? দলের প্রতি, না কি জনগণের প্রতি? সাংবিধানিকভাবে একজন সাংসদ জনগণের প্রতিনিধি। কিন্তু দলীয় ব্যবস্থায় তিনি দলের প্রতীক ও নীতির বাহকও। এই দুই পরিচয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আম আদমি পার্টির অবস্থানও একেবারে অযৌক্তিক নয়। যে কোনও দলই চায় তার প্রতিনিধিরা নির্দিষ্ট রাজনৈতিক লাইনের মধ্যে থাকুক। দলীয় ঐক্য ও বার্তা বজায় রাখতে এটি জরুরি। বিশেষ করে জাতীয় রাজনীতিতে যেখানে প্রতিটি বক্তব্য রাজনৈতিকভাবে ব্যাখ্যাত হয়, সেখানে বিচ্যুতি দলকে অস্বস্তিতে ফেলতে পারে। কিন্তু সেই যুক্তিতে যদি ভিন্নমত বা বিকল্প অগ্রাধিকারের জায়গা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়, তবে তা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী হয়ে ওঠে।

এই ঘটনাটি আরও একটি গুরুত্বপূর্ণ প্রবণতার দিকে দৃষ্টি আকর্ষণ করে-ভারতের রাজনৈতিক দলগুলিতে অভ্যন্তরীণ গণতন্ত্রের – অভাব। সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার পরিবর্তে। নির্দেশমূলক রাজনীতি ক্রমশ জোরদার হয়েছে। ফলে তরুণ বা বিকল্প চিন্তার নেতাদের জন্য জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে। অতীতে প্রশান্ত ভূষণ বা যোগেন্দ্র যাদবের মতো নেতাদের দলত্যাগ সেই বাস্তবতারই প্রতিফলন।

রাঘব চাড্ডার ঘটনা তাই কেবল ব্যক্তিগত বা দলীয় দ্বন্দ্ব নয়; এটি বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির প্রতিচ্ছবি। যেখানে প্রশ্ন করা, ভিন্নভাবে ভাবা বা অগ্রাধিকারের পার্থক্য তুলে ধরা-এসবকে প্রায়শই ‘অসঙ্গতি’ হিসেবে দেখা হয়। অথচ একটি সুস্থ গণতন্ত্রে এই বৈচিত্র্যই শক্তি হওয়ার কথা।

শেষ পর্যন্ত বিষয়টি একটি সূক্ষ্ম ভারসাম্যের-দলীয় শৃঙ্খলা -* বনাম ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতা। এই ভারসাম্য বজায় রাখতে না পারলে দল হয় কর্তৃত্ববাদী হয়ে ওঠে, আর ব্যক্তি হয়ে পড়ে বিচ্ছিন্ন। রাঘব চাড্ডা ইস্যু সেই সংকটকেই সামনে এনে দিয়েছে। এখন দেখার, ভারতীয় রাজনীতি এই প্রশ্নের মুখোমুখি হয়ে কতটা পুনর্বিবেচনা করতে প্রস্তুত।

Dainik Digital: