তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বরানগরের কাউন্সিলার

কলকাতা, ১৩ মে– তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার হলেন বরানগর পুরসভার কাউন্সিলার শান্তনু মজুমদার ওরফে মেজো। ফ্ল্যাটে ভাড়াটে সমস্যা মেটানোর নামে বরানগরের ১৪ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলার টাকা তুলতেন বলে অভিযোগ। বুধবার ব্যারাকপুর পুলিশ তাকে গ্রেফতার করে।

            পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরানগরের বাসিন্তা রীতা রায় মঙ্গলবার থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই মহিলার অভিযোগ, ফ্ল্যাটের ভাড়াটে সংক্রান্ত সমস্যা মেটানোর নাম করে বিভিন্ন সময়ে তার কাছ থেকে টাকা তুলেছেন শান্তনু। ২০২৪-২০২৬ সালের মধ্যে শান্তনু তার কাছ থেকে দফায় দফায় ৭০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ। এ ছাড়া ফ্ল্যাটে জোর করে ভাড়াটে বসানোরও অভিযোগ রয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে।

            এই অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নেয় ব্যারাকপুর পুলিশ। অভিযোগ পাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় বরানগরের ওই কাউন্সিলারকে। ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে জোর করে বাড়িতে প্রবেশ, তোলাবাজি, হুমকি ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৩, ৩০৮(৫), ৩৫১(৩), ৩(৫) ধারায় অভিযোগ দায়ের হয়েছে শান্তনুর বিরুদ্ধে।  

Sumit Chakraborty: