তিপ্রা মথার নির্বাচনি সমাবেশে,বিপ্লবের প্রশংসা করে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন প্রদ্যোত!!

দৈনিক সংবাদ অনলাইন :-এডিসি নির্বাচনের প্রচারের শেষ লগ্নে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা-কে কার্যত বিভিন্ন ইস্যুতে তির্যক ভাষায় বিঁধলেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিনি বলেন মুখ্যমন্ত্রীর ঔদ্ধত্যপনার জন্য কর্মফল ভোগ করতে হবে বিজেপির নেতা মন্ত্রী বিধায়কদের।

বৃহস্পতিবার ধলাই জেলার ছামনু শহরে রোড শো এবং দামছড়া, আমবাসার করমছড়া, মান্দাইয়ে নির্বাচনি সমাবেশ করেছেন মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তিপ্রা মথার মিছিল সমাবেশে মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
এদিনও বিভিন্ন নির্বাচনি সমাবেশে প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন জনজাতিবিরোধী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।এর আগে ত্রিপুরায় একজন মুখ্যমন্ত্রীও জনজাতিবিরোধী ছিলেন না।প্রদ্যোত কিশোর দেববর্মণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব-এর ভূয়সী প্রশংসা করে বলেন বিপ্লববাবু ছিলেন উপজাতি জনসমাজের প্রকৃত বন্ধু।আর বর্তমান মুখ্যমন্ত্রী শুধু জনজাতিবিরোধী নয়, তিনি রাজ্যের শিক্ষক,ককর্মচারী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সহ প্রবল বেকারবিরোধী। এ ধরনের অমানবিক নির্দয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসী আর কখনো দেখেননি। এডিসিতে অর্থ বরাদ্দ নিয়েও ডাহা মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী।

প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন মুখ্যমন্ত্রীর অসত্য বক্তব্যে যখন কাজ হচ্ছে না. তখন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দেদার দাদন বিলিতে নেমেছে ত্রিপুরা বিজেপির একাংশ নেতা। যদিও এতে কোন কাজ হবে না। উল্টো এডিসিতে বিজেপির ভরাডুবি হবে।

প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন বিজেপি প্রার্থীদের জয় তো দূরঅস্ত জামানত জব্দ হবে। এটাই বাস্তব। এখন তো জনজাতি মানুষরা মুখ্যমন্ত্রীকে বয়কট করছেন।জনজাতি মানুষের কাছে সব ধরা পড়ে গিয়েছে।

প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন পরাজয় নিশ্চিত জেনেই এখন সভা থেকে শিশুসুলভ বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। যা হাস্যকর। মুখ্যমন্ত্রী বলছেন ১২ তারিখের পর তিপ্রা মথার নেতাদের ত্রিপুরায় খুঁজে পাওয়া যাবে না। অথচ বাস্তব হল জনজাতিরা এখন থেকেই মুখ্যমন্ত্রীকে বয়কট শুরু করে দিয়েছেন।

প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন ১২ এপ্রিলের পর তিপ্রা মথা – জনজাতি মানুষ এবং বিজেপি দলও থাকবে। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর পদ হয়তো থাকবে না।

প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন জনজাতি জনসমাজ এতো বোকা নয় যে ভোট দিয়ে তাদের জীবন এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবন নষ্ট করবেন। জাতি-জনজাতিরা ভোট দিয়ে তিপ্রা মথার প্রার্থীদের ২৮ আসনেই জয়ী করবেন। মথার মিছিল সমাবেশে জনজাতি মানুষের উপস্থিতি দেখে মুখ্যমন্ত্রীর রাতের ঘুম উবে গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে দেদার দাদন বিলি করলেও মুখ্যমন্ত্রীর সভায় মানুষ আসছেন না। এখন বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন জাতি-জনজাতিরা।

প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন পুলিশি শক্তি ব্যবহার করে এডিসির ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন। ভুল করছেন। পরিণতি আরও ভয়ংকর হবে। তৈরি থাকুন ৪। ক্ষমতার দন্তে জনজাতিদের সাথে শত্রুতা করেছেন। ভুল করলেন। ক্ষমতা ‘পরিবর্তনশীল। ১৭ তারিখ ফলাফল প্রকাশের পর দেখবেন আপনার পাশে কেউ নেই। বিজেপির নেতা-মন্ত্রীরাও থাকবেন না। পাশাপাশি মথার নেতা-মন্ত্রীরাও আপনার সাথে থাকবে না। নয়া দিল্লীও পাশে থাকবে না- এটাই বাস্তব।
প্রদ্যোত কিশোর দেববর্মণের অভিযোগ, মুখ্যমন্ত্রীর জন্যই ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়িত হচ্ছে না। জনজাতিরা ভূমির অধিকার, শিক্ষার অধিকার, আর্থসামাজিক অধিকার পেলেন না। এরই কর্মফল ভোগ করতে হবে।

Dainik Digital: