ডেমডুমে জনসভায় মুখ্যমন্ত্রীএডিসিতে চলছে লুট বাণিজ্য ৫ বছরে কোনো উন্নয়নই হয়নি

দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী: তিপ্রা মথা রাজ্যে সাম্প্রদায়িক সুরসুরি দিচ্ছে। তারা পাঁচ বছরে এডিসি এলাকাতে কোনো উন্নয়ন করেনি। এডিসি এলাকাতে লুট বাণিজ্য চালাচ্ছে। এডিসির ক্ষমতায় থাকা ব্যক্তিরা বিদেশ ভ্রমণে ব্যস্ত। বর্তমান রাজ্য সরকার রাজ্যের উনিশটি জনজাতির উন্নয়ন নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিপ্রা মথা জেলা পরিষদের ক্ষমতায় আসার পর জেলা পরিষদ এলাকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিজেপি সরকার জনজাতিদের সম্মান করে। জনজাতি সমাজপতিদের জন্য পাঁচ হাজার টাকা সাম্মানিকের ব্যবস্থা করা হয়েছে। বামফ্রন্ট আমলের পঁয়ত্রিশ বছর বামফ্রন্ট জনজাতিদে জন্য কোনো কাজ করেনি। বক্তা মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। বিজেপি ফটিকরায় মন্ডল কমিটির উদ্যোগে ফটিকরায় বিধানসভার প্রত্যন্ত এলাকা ডেমডুমে জনসভা অনুষ্ঠিত হয়। স্বশাসিত জেলা পরিষদের সাত নং আসন ডেমছড়া কচুছড়া আসনে জনসভা করে বিজেপি ফটিকরায় মন্ডল কমিটি। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, সংবাদপত্র ও সাংবাদিক হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বিজেপি সরকার সাংবাদিক বান্ধব সরকার। কিন্তু কিছু ব্যক্তি প্রশাসনিক চেয়ারের জোরে সাংবাদিকদের সাথে অভব্য আচরণ করছে। সাংবাদিকদের সম্পর্কে মিথ্যা কথা বলছে। সরকার তা কোনোভাবেই বরদাস্ত করে না।

এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বেশ আক্রমণাত্মক বক্তব্য রাখেন। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিজেপি সরকার হল সবকা সাথ সবকা বিকাশের সরকার। রাজ্যের প্রতিটি জনগোষ্ঠির উন্নয়ন করাই হলো সরকারের প্রধান এবং প্রথম লক্ষ্য। রাজ্য প্রতিটি গোষ্ঠীর যেমন উন্নয়ন করতে বদ্ধপরিকর বিজেপি সরকার।

তিনি বলেন, রাজ্যে উনিশটি জনজাতি গোষ্ঠী রয়েছে। সরকার প্রতিটি গোষ্ঠীর ভাষা কৃষ্টি সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য কাজ করছে। তিনি বলেন, এডিসির ক্ষমতায় থাকা ব্যক্তিরা বিদেশ ভ্রমণে যাচ্ছেন। তিনি বলেন, কোথায় পায় তারা এত টাকা। মুখ্যমন্ত্রী বলেন, কাউকে ছাড়া হবে না। সব লিস্ট করা হচ্ছে। তিনি বলেন, এডিসিকে ত্রিশ কোটি টাকা দেওয়া হয়েছে হাসপাতাল করার জন্য। কিন্তু তারা হাসপাতাল করেনি, টাকারও হিসাব দিচ্ছে না। তিনি বলেন, রাজ্য বাজেটের মধ্যে প্রায় ৪৯ শতাংশ টাকা এডিসিকে দেওয়া হচ্ছে উন্নয়নমূলক কাজকর্ম করার জন্য। কিন্তু এডিসি এলাকাতে কোনো কাজ কর্ম হচ্ছে না। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে সাত জন জনজাতিকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এদিনের জনসভায় এছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী সুধাংশু দাস, টিঙ্কু রায়, বিজেপি জনজাতি নেতা বিপিন দেববর্মা।

Dainik Digital: