টি-২০ বিশ্বকাপ

আজ সামনে নামিবিয়া হলেও সতর্ক ভারত

অনলাইন ডেস্ক, ১১ ফেব্রুয়ারী: কলম্বোতে রবিবার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট বলের যুদ্ধে নামার আগে আগামীকাল ভারতীয় দল নামিবিয়ার বিরুদ্ধে নামবে। এখানের অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হবে। আমেরিকার বিরুদ্ধে দলের টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতার পর নামিবিয়া ম্যাচ নিয়ে রীতিমতো সতর্ক কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদব জুটি। প্রতিপক্ষ অনামি বা দুর্বল যাই হোক তা নিয়ে বিন্দুমাত্র আত্মতুষ্টিতে ভুগতে নারাজ দল। কারণ আমেরিকার বিরুদ্ধে দলের জয় যে অনায়াসে আসেনি তা ভালো করেই জানে দল। তাই নামিবিয়া ম্যাচকে রীতিমতো গুরুত্ব দিয়েই আগামীকাল ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ গতবারের চ্যাম্পিয়নরা মাঠে নামবে। তবে নামিবিয়া ও নেদারল্যান্ডকে হারিয়ে জয় পেয়েছে। তাই ভারত ম্যাচে তারাও যে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ম্যাচে জশপ্রীত বুমরাহ দলে ফিরছেন। এদিনও নেটে পুরোদমেই বোলিং করেন দলের এক নম্বর পেস বোলারটি।
পাকিস্তান পরপর দুই ম্যাচ জিতে এখন অনেকটাই আত্মবিশ্বাসী। তাই ভারতও আগামীকাল নামিবিয়াকে হারিয়ে সমান আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিরুদ্ধে নামবে। তবে
শ্রীলঙ্কার মাটিতে এবার প্রথম ম্যাচ খেলবেন সূর্যকুমার যাদবরা। যেখানে পাকিস্তান কলম্বোর মাটিতে পরপর দুই ম্যাচ খেলে জয় তুলে। এখানের আবহাওয়াও সলমানরা বেশ ভালো মানিয়ে নেন। তবে এখন ভারতের ফোকাস নামিবিয়া ম্যাচেই থাকছে। সলমান আলি আগারা যতই ভারত ম্যাচের আগে হুমকি, হুঙ্কার দেন না কেন ভারত পনেরো ফেব্রুয়ারীই সব হুমকির জবাব দেবে।
এদিকে জশপ্রীত বুমরাহ যখন সুস্থ হয়ে দলে ফিরছেন তখন অভিষেক শর্মা ও ওয়াশিংটন সুন্দরের জন্যও অপেক্ষা করছে দল। ওয়াশিংটন সোমবারই দলে যোগ দেন। নেটে বোলিং, ব্যাটিংও করেন। ভারত চাইছে নামিবিয়া ম্যাচে স্ব-মেজাজেই যেন অভিষেক শর্মা জ্বলে উঠেন। সূর্যকুমার যাদব আমেরিকা ম্যাচে যে খেলাটা খেলেছিলেন তা অরুণ জেটলির দর্শকরাও আগামীকাল দেখতে চাইছে।
এদিকে, নেদারল্যান্ডকে হারিয়ে নামিবিয়ার ক্রিকেটাররাও চমক দিতে তৈরি। তবে ভারত আমেরিকা ম্যাচ থেকে ভালো শিক্ষা নিয়েছে। দ্বিতীয়বার গৌতমের ছেলেরা এই ভুল করবে না বলেই মনে হয়। মোট কথা পাকিস্তান ম্যাচের আগে নামিবিয়ার বিরুদ্ধে ব্যাট বলের প্রস্তুতি ম্যাচ সারতে চাইবে টিম ইন্ডিয়া। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
Dainik Digital: