ত্রিপুরা: ২২৩ (৪৯.১ ওভার)
গোয়া: ২০৬ (৪৪.৩ ওভার)
দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী: অবশেষে জাতীয় সিনিয়র মহিলাদের একদিনের সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্টে জয়ের দেখা পেলো রাজ্য মহিলা দল। শনিবার ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোর আন্তর্জাতিক স্টেডিয়ামে গোয়াকে ১৭ রানে হারিয়ে। টানা চার ম্যাচের পরাজয়ের পর জয় নিয়ে মাঠ ছাড়ল রিজু সাহা বাহিনী। রেশমা নায়েক (৪৮/৩) ও তামান্না নিগমদের (২৬/৩) অনবদ্য বোলিং সৌজন্যে টুর্নামেন্টের গ্রুপ লীগে নিজেদের পঞ্চম ম্যাচে এসে জয় পেলো রাজ্যদল। তবে এদিন বোলারদের লড়াইয়ের বড় পুঁজি দিয়েছিলেন অধিনায়ক রিজু সাহা (৫৮), অম্বিকা দেবনাথ (৪৬), রেশমা নায়েক (২৫)। শনিবার টিম ত্রিপুরা প্রথম ব্যাটিং করে ৪৯.১ ওভারে ২২৩ রান তুলে। এর জবাবে গোয়া ৪৪.৩ ওভারে ২০৬ রান পর্যন্তই এগোতে পারে। এদিন ম্যাচ জেতায় সৌরাষ্ট্র ও দিল্লী ম্যাচের আগে মনোবল পেলো রাজ্যদল। টস জিতে এদিন ত্রিপুরা প্রথম ব্যাট করে। ঝুমকি দেবনাথ (১১), মৌচৈতি দেবনাথ (২০) ভালো শুরু করলেও টিকতে পারেনি। দলের সংকটে-অম্বিকা দেবনাথ, তামান্না নিগম জুটি রুখে দাঁড়ায়। স্কোর পৌঁছে ৯৫/৩ অম্বিকা ৫৫ বলে ৪৬ (৭০৪) রানে আউট হয়। তার পেছনে ইন্দ্ররাণী জমাতিয়া (২) ও অন্নপূর্ণা দাস (২) দ্রুত মাঠ ছাড়ে। রিজু সাহা। এই অবস্থায় ৯১ বলে ৫৮ (৬০৪) রানের একটা অধিনায়কচিতো ইনিংস খেলে দলীয় স্কোরকে ২২১/৯ টেনে তুলে। রেশমা নায়েক (২৫) ও রোহিনী মানে (১৮) রিজুকে যোগ্য সঙ্গ দেয়। সেরি (২৩/৩) বিধি ভাণ্ডারে (৫১/৩) ভালো বোলিং করে। ২২৪ রানের লক্ষ্যকে সামনে রেখে গোয়ার দুই ওপেনার পূর্বজয়া (২৯) ও হর্ষিতা যাদব (৪৩) দুর্দান্ত শুরু করে। কিন্তু এই জুটি রোহিনী ভাঙতেই হঠাৎ চাপে পড়ে যায় গোয়া। ৪২/১ থেকে ৬৫/৩ হলে পূর্বা বাহিদকার (৪৮) ও ভিনাভি গৌরব (২০) ব্যাটিং প্রতিরোধ গড়ার চেষ্টা চালায়। কিন্তু রেশমার স্পিনের মুখে এরা টিকতে পারেনি। শেষ পর্যন্ত ৪৪.৩ ওভারে ২০৬ রানেই থেমে যায় গোয়ার লড়াই। ১৭ রানের জয় পায় ত্রিপুরা। রেশমা নায়েক (৪৮/৩) তামান্না নিগম (২৬/৩) ভালো বোলিং করে।