গোলের বন্যায় বিধ্বস্ত মধুবন ডুকলি, জয় টিআইএসএফের!!

আগরতলা দৈনিক সংবাদ অনলাইন:-একপেশে ম্যাচে মধুবন ডুকলি প্লে সেন্টারকে হাফ ডজন গোলের বড় ব্যবধানে হারাল টি আই এস এফ। কাজল স্মৃতি অনূর্ধ্ব ১৪ ফুটবলে মঙ্গলবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে এক গুরুত্বপূর্ণ ম্যাচে টিআইএসএফ ৬-০ গোলে মধুবন ডুকলি প্লে সেন্টারকে পরাজিত করে। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে একচ্ছত্র দাপট ছিল টিআইএসএফ-এর। এই ম্যাচে টিআইএসএফের আধিপত্য এতটাই ছিল যে প্রতিপক্ষ কার্যত কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি।

কোয়ার্টার ফাইনালের লড়াইও এখন জমে উঠেছে। শেষ আটের মধ্যে ইতিমধ্যেই সাতটি দল জায়গা নিশ্চিত করেছে, তারা হল কাতলামারা স্কুল, ত্রিপুরা স্পোর্টস স্কুল, টিআইএসএফ, সুধন্ব দেববর্মা মেমোরিয়াল স্কুল কোচিং সেন্টার, সাই, আসাম রাইফেলস ও আস্তাবল স্পোর্টস অ্যান্ড কোচিং সেন্টার। আগামীকাল লীগ রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে কাতলামারা স্কুল ও মতিনগর ক্রীড়া একাডেমি। এই ম্যাচটি বড় ব্যবধানে জিততে পারলে মতিনগর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে, না হলে শেষ আটে উঠে যাবে ডনবস্কো স্কুল।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে মাঠে নামে টিআইএসএফ। মাত্র ৫ মিনিটেই রাকেশ চাকমার গোলে এগিয়ে যায় তারা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ৮ ও ১৪ মিনিটে পরপর দুই গোল করে ব্যবধান বাড়িয়ে দেন অমিত দেববর্মা।

ফলে প্রথমার্ধের শুরুতেই ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় টিআইএসএফ।এরপর মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে তারা।

২৮ মিনিটে সুরজয় ত্রিপুরার গোলে ব্যবধান বাড়িয়ে ৪-০ করে টিআইএসএফ।

বিরতির পরেও একই ছন্দ বজায় রাখে টিআইএসএফ। বল দখল, পাসিং ও আক্রমণের সবদিক থেকেই এগিয়ে ছিল তারা। ম্যাচের ৪৩ মিনিটে খুশাল দেববর্মার গোলে টিআইএসএফ ৫-০ এগিয়ে যায়। ৫২ মিনিটে রাকেশ চাকমা আরও একটি গোল করে। ম্যাচটি ৬-০ গোলে জয় লাভ করে টিআইএসএফ।

অন্যদিকে মধুবন ডুকলি প্লে সেন্টার ‘খুব কমই আক্রমণে উঠতে পেরেছে এবং যে কয়েকটি সুযোগ তৈরি হয়েছিল, তা কাজে লাগাতে ব্যর্থ হয়। রেফারি আদিত্য দেববর্মা।

Dainik Digital: