কিষান সম্মান নিধির ২২তম কিস্তি প্রদান, কেন্দ্রের মতো রাজ্যেও স্বনির্ভর করা হবে কৃষকদের: মুখ্যমন্ত্রী!!

দৈনিক সংবাদ অনলাইন, ১৩মার্চ: গুয়াহাটিস্থিত জ্যোতি বিষ্ণু ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার ডিজিটাল পদ্ধতিতে বোতাম টিপে পিএম কিষান সম্মান নিধির ২২তম কিস্তি প্রদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গোটা দেশে ৯ কোটি ৩২ লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এদিন ১৮ হাজার ৬৩০ কোটি টাকারও বেশি সরাসরি প্রদান করা হয়। এদিন আগরতলার অরুন্ধতীনগরস্থিত এগ্রিকালচার রিসার্চ স্টেশনে ভার্চুয়ালি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।

অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখেন সেখান থেকে।প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, গোটা দেশের মতো রাজ্যেও প্রায় ৭৫ শতাংশ মানুষই গ্রামাঞ্চলে বসবাস করেন। যার মধ্যে বেশিরভাগই কৃষিকাজের সঙ্গে যুক্ত। দেশ ও রাজ্যের জিডিপি-র উপর কৃষিক্ষেত্রেরও বিশেষ প্রভাব রয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ ও রাজ্যগুলির কৃষকরা ঋণের ভারে যাতে জর্জরিত না হন, সেই লক্ষ্যেই পিএম কিষান সহ বিভিন্ন কৃষি পরিকল্পনা প্রণয়ন করেছেন।এছাড়া মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলে রাজ্য গুলির কৃষি সহ প্রতিটা ক্ষেত্রে উন্নয়ন বিশেষ জোর দিয়েছেন। রাজ্যে পিএম কিষান প্রকল্পে ২২তম কিস্তিতে মোট ২ লক্ষ ৮৫ হাজারেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান করা হবে বলে জানান।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের ন্যায় রাজ্য সরকারেরও অন্যতম লক্ষ্য কৃষকদের স্বনির্ভর ও আত্মনির্ভর করে তোলা। রাজ্য সরকার সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে চায়।মুখ্যমন্ত্রী বলেন আজ দেশের নানা সমস্যা সমাধান হচ্ছে প্রধানমন্ত্রী দূরদর্শিতার জন্য।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও বিধায়ক মিনারাণী সরকার। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েত সমিতির এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, কৃষি অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া সহ কৃষি দপ্তরের পদস্থ আধিকারিকরা।

Dainik Digital: