দৈনিক সংবাদ অনলাইন ডেস্ক, ৪ মার্চঃ ধর্মনগর মহকুমার কদমতলা থানাধীন প্রত্যেকরায় এলাকায় এক চোরকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করতে গিয়ে জনরোষের শিকার হলো পুলিশ। গত সোমবার রাতে এই ঘটনায় দুই পুলিশ অফিসার এবং তিনজন টিএসআর জওয়ান সহ মোট পাঁচজন আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার সূত্রপাত হয় গত সোমবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ। প্রত্যেকরায় গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন দেবনাথের বাড়ির সামনে থেকে তার ই-রিকশার ব্যাটারি চুরির চেষ্টা করছিল দুই ব্যক্তি। সুমনের ছেলে অলক দেবনাথ বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসীরা ছুটে আসেন। প্রতিবেশীদের তাড়া খেয়ে এক চোর পালিয়ে গেলেও, কবির হোসেন নামে অন্যজনকে ধরে ফেলে স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতা আটক চোরকে মারধর করতে শুরু করে। খবর পেয়ে কদমতলা থানার এসআই সঞ্জীব সরকারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আহত চোরকে উদ্ধার করে নিয়ে যেতে চাইলে উপস্থিত জনতার একাংশ বাধা দেয়। অভিযোগ, সেই সময়ই তর্কাতর্কির মধ্যে কিছু লোক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এই হামলায় এসআই সঞ্জীব সরকার, এএসআই জগদানন্দ গোস্বামী এবং টিএসআর জওয়ান নৃপেন্দ্র রিয়াং, তনুসিং ত্রিপুরা ও অসিত লাল দাস আহত হন। বহু চেষ্টার পর পুলিশ আহত চোর সহ জওয়ানদের উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরবর্তীতে ধৃত চোরকে উত্তর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। খবর পেয়ে রাতেই ধর্মনগর মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়। ধৃতরা হল সুমন দেবনাথ ও তাঁর দুই ছেলে অলক দেবনাথ ও রাহুল দেবনাথ। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশ একটি মামলা রুজু করেছে।