অসময়ের ইলিশ ধরা পড়তেই খুশির আবহ!!

অনলাইন প্রতিনিধি :-সময়ে তার দেখা মেলেনি। হতাশ হয়েছিলেন মৎস্যজীবীরা।কিন্তু, সকলকে অবাক করে দিয়ে হঠাৎ গঙ্গা মোহানায় মৎস্যজীবীদের জালবন্দি হলো ঝাঁকে ঝাঁকে সমুদ্রের রুপোলি ইলিশ। শীতের মরশুমে রুপোলি ফসলের দেখা মেলায় অবাক মৎস্যজীবীরা। স্বভাবতই খুশির রোশনাই তাদের চোখেমুখে।
এবার অসময়ে এ বছর ইলিশের ভরা মরশুমে আবহাওয়া প্রায় সময়ই ছিল প্রতিকূল। সমুদ্রের রুপোলি শস্যকে সেভাবে জালবন্দি করতে না পারায় বিফল মনোরথ হয়ে বারবারই উপকূলে ফিরতে হয়েছে ইলিশ শিকারিদের। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র জানান, পূর্ণিমার কোটালের পর গত কয়েকদিন ধরেই গঙ্গা মোহনায় মিলছে সমুদ্রের ইলিশ। কখনও নামখানা, কখনও ফ্রেজারগঞ্জ এলাকায়, কখনও বা বিদ্যাধরী নদীতে, কখনও আবার সমুদ্র মোহানায় মৎস্যজীবীরা মহানন্দে জালবন্দি করছেন সেই ইলিশ।এখনও পর্যন্ত ১০-১২টি ট্রলার গত কয়েকদিনে প্রায় ৪০০ কেজি করে সর্বমোট প্রায় চার টন ইলিশ জালবন্দি করেছে। ইলিশের ওজনও নেহাত মন্দ নয়।গড়ে ৪০০ থেকে ৪৫০ গ্রাম ওজনের ইলিশই মৎস্যজীবীরা জালবন্দি করেছেন বলে জানান তিনি। অসময়ে ভাগ্য এমন সহায় হওয়ায় আনন্দের বন্যা মৎস্যজীবী মহল্লায়। ইলিশ নিয়ে ঘাটে ফেরা মৎস্যজীবীদের কথায়, 'ইলিশের ভরা মরশুমে পর্যাপ্ত মাছ জালবন্দি না করতে পারার কষ্ট ছিলই। বহু টাকা দাদন নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রচুর আর্থিক ক্ষতি হয়ে গিয়েছে। ভাগ্যদেবী প্রসন্ন হওয়ায় তবু কিছুটা ক্ষতি পুরণ হওয়ায় স্বস্তি মিলেছে।'

Dainik Digital: